- নাসির আহমেদ
হুগলি থেকে গুগলি দিদি
ঢাকায় এলেন ট্রেন-চড়ে
পাবনার এক গ্রামে যাবেন
দুশ্চিন্তায় ব্রেন চড়ে।
কেমন করে যাবেন দিদি
কেউ নেই তার সঙ্গী যে!
গুগোল মামা দেখেই বোঝেন
দুশ্চিন্তার ভঙ্গি যে!
উবার কাকা এগিয়ে এলেন—
বললেন, মা চিন্তা কী?
উঠুন বসে সঙ্গী গুগোল
আনন্দে গান—ধিন তা ধি!
গুগলি দিদি ঠিকানা কন—
বোনের বাড়ি সাঁথিয়ায়,
আদি বাড়ি ছিল তাদের
নোয়াখালীর হাতিয়ায়।
গুগোল মামা নাম-ঠিকানা
এন্ড্রয়েডে সার্চ করে
গুগলি দিদির বোনের বাড়ির
ঠিক ঠিকানায় মার্চ করে।
গুগোল মামার ভূগোল জ্ঞানে
গুগলি দিদি বিস্ময়ে
বলেন, মামা তোমার হাতের
মুঠোয় দেখি বিশ্ব এ!
ধন্য তুমি গুগোল মামা
ধন্য তুমি ধন্য হে
বোনের বাড়ি পেলাম খুঁজে
মামা তোমার জন্য যে।