- আসলাম সানী
ঢাকা শহর ভালো-মন্দে
মেশা চানাচুর—
হাইরাইজও বস্তি আছে
ঝামেলাও স্বস্তি আছে
উত্তরা মিরপুর,
ঢাকার শহর টাকার শহর
মন করে উড় উড়।
পুরান ঢাকায় হাজার গলি
বাজার ও মসজিদ
ঋতু কখন বদলায় যে
আসে গরম শীত
ঈদ পূজা উৎসবও আসে
চোত-বোশেখের গীত
ঢাকায় আমার ভীত।
নবাব বাড়ি ঢাকেশ্বরী
আছে মাঠ-পুকুর
ঢাক কুড় কুড় কুড়
হাজার রকম সুর
আজান ধ্বনি, কাঁসর ঘণ্টা
মিছিলে ভরপুর
বাহান্ন আর একাত্তরের
স্মৃতিও নয় দূর
হেরিটেজের ঢাকায় হাওয়ায়
ঘুরতাছি ফুরফুর।