- মামুন সারওয়ার
১. ব্যাঙের মাথা
একটি কথা, ব্যাঙের মাথা
ব্যাঙ ধরেছে সবুজ ছাতা।
সবুজ ছাতা, কদম পাতা
ঝরছে শুধু বৃষ্টি যাতা।
একটি কথা, দুইটি কথা
দুলকি নাচে বনলতা
বনলতার নাচন দেখে
মামুন মিয়া ছড়া লেখে।
২. রানি বাউল
আমগো ঘরের পাশের বুড়ি
বানায় বসে বাঁশের ঝুড়ি।
ঝুড়ির ভেতর রাখেন চাউল
নামটি বুড়ির রানি বাউল।
৩. রাজার টাট্টু
ছুটছে রাজার টাট্টু
খাচ্ছে রাজা লাড্ডু
হঠাৎ টাট্টু উলটে গিয়ে
ভাঙছে রাজার হাঁট্টু।
কাণ্ড দেখে বলছে সবাই
ছিলেন রাজা বাট্টু।
৪. পটপটি ফুলের ছড়া
ফুল ফুটেছে পটপটি
খাচ্ছে গেদি কটকটি
রাঁধছে বুজান লটপটি
ডাকছে পাখি হটহটি।
৫. কাটুস কুটুস
সূর্য তখন উঠল
কাটুস কুটুস ছুটল
শাপলা শালুক ফুটল
তিনটি ভোমর জুটল।
কাটুস চলে আগের মতো,
কুটুস চলে বাঘের মতো।
৬. চন্দনার ছড়া
বাড়ির পাশে চন্দনা
করত সবার বন্দনা।
লাগত তাকে মন্দ না
রাখতো দ্বিধা-দ্বন্দ্ব না।