- হাসনাইন আহমদ
ঝুনঝুন ঝুনঝুন বাজে ঝুনঝুনি
ছোট খুকি মুনমুন দেখে টুনটুনি
টুনটুন টিনটিন বাজালো কে বেল
খোকনের চকচকে লাল সাইকেল।
গুনগুন গুনা গুন ভ্রমরের গান
ঝুম ঝুম নিঃঝুম রাতের উদ্যান
কল কল ছল ছল সাগরের ঢেউ
সুনসান নীরবতা ভেঙে দিলো কেউ।
টিকটিক টিকটিক ডাকে টিকটিকি
জলজল উজ্জ্বল তারা ঝিকিমিকি
ঝকঝক ঝকঝক ছুটে যায় ট্রেন
ভারীভারী কতকিছু টেনে তোলে ক্রেন।
রিমঝিম রিমঝিম বিষ্টির সুর
প্যাপ প্যাপ হুইসেল গতি বহু দূর
ক্যাচক্যাচ ঢল ঢল বাঁশে গড়া পুল
ঢং ঢং ঘণ্টিতে ছুটি ইশকুল।