- আতিক হেলাল
‘সংস্কার করো কোটা’
ছেলে-মেয়েদের এই দাবি শুনে
দিয়েছো ধমক মোটা!
কত যে গালি ও খোঁটা!
সন্তান আমার দিয়েছে জীবন,
খুনে লাল দেশ গোটা
হলো তো ফায়দা লোটা?
যাবে না তো বৃথা শত প্রাণ আর
রক্ত যে এক ফোঁটা।
ঘুস, দুর্নীতি, নিপীড়ন সয়ে
চাকরির পিছে ছোটা!
স্বাধীন দেশে কি মানা যায় এই
পরাধীন হয়ে ওঠা?
বৈষম্যনীতি দুর্নীতি গড়ে
ন্যায়ানুগ নীতি সব ভেঙে পড়ে।
প্রজন্ম আর দেশকে বাঁচাতে
তাই সংগ্রামে ছোটা
প্রাণের পণকে দমাতে কি পারে
গুলি আর লাঠিসোঁটা?
আমি আছি এই বাছাদের সাথে,
শুনব না এটা-ওটা।
যাবে না তো বৃথা শত প্রাণ আর
রক্ত যে এক ফোঁটা…