- আরিফ বখতিয়ার
বৃষ্টি পড়ে এপার-ওপার
ইস্টিশনের দেওয়াল বেয়ে
রোদের খরা কাটতে নামে
বৃষ্টি নামের মিষ্টি মেয়ে।
নামল মেঘের কোল থেকে সে
নরম নরম ঘাসের ফুলে
দড়ি ছেঁড়া গরুর বাছুর
ছুটছে কোথায় পথটি ভুলে
টাপুর টুপুর সকাল দুপুর
সজনে ডালেই ঝরছে পানি,
বিজলি এসে গুড়ুম গুড়ুম
ধমক দিলো একটুখানি।
এক ধমকেই জাগল জোয়ার
সতেজ হলো মাঠের চারা,
সবার বুকেই বর্ষা নামুক
নামুক সুখের শ্রাবণধারা।