- সজল আশফাক
ছোট নাকি হয়ে গেছে
শার্ট-প্যান্ট আর জুতো,
তাও কখনও সম্ভব কি
আজগুবি সব ছুতো!
আসল কথা খেয়ে দেয়ে
হচ্ছি বড় আমি,
তাই তো ওসব হচ্ছে না ফিট,
পরলে পরে ঘামি।
পড়াশোনায় ব্যস্ত হলাম
রেজাল্ট হলো ভালো,
বলল না কেউ পিঠ চাপড়ে,
মুখ করেছো আলো।
কিন্তু সবাই বিষয়টিকে
উলটে এমন দিলো,
আমার কোনো কৃতিত্ব নেই,
প্রশ্ন সহজ ছিল!
ব্যায়াম করি, তাগড়া শরীর
বুক উঁচিয়ে হাঁটি
আয়নাতেও চেহারাটা
লাগছে পরিপাটি।
আমার কোনো কৃতিত্ব নেই—
খাবার ছিল খাঁটি!
সবার এমন কথায় বুঝি
উৎসাহ হয় মাটি।
কিন্তু মাটি এমন জিনিস
জাগায় নতুন প্রাণ
উৎসাহরা মাটি ফুঁড়েই
বাড়ে অফুরান।