- শারমিন ইসলাম রত্না
ছোট্ট মেয়ে তুলি। দেখতে খুব সুন্দর। ওর একটি ময়না পাখি আছে। সেই পাখিটি একদিন বলল, তুলি, তুমি সুন্দর! আমিও তোমার মতো সুন্দর হতে চাই। তুলি বলল, তুমিও সুন্দর। ময়না বলল, আমি একটুও সুন্দর না! দেখতে কত কালো। তুলি বলল, তুমি নিজেকে কালো বলছ কেন? কালো সাদা কারো পরিচয় হতে পারে না।
তুমি পাখি হয়েও মানুষের মতো কথা বলতে পারো। এটা কত বড়ো গুণ তুমি জানো? বক পাখি তো ফকফকে সাদা তার তো তোমার মতো এমন গুণ নেই। মানুষ কি তোমার মতো বক পাখিকে ভালোবাসে?
তুলি আরও বলল, তুমি আমাকে সুন্দর বলছ হ্যাঁ আমিও সুন্দর। তুমি তো উড়তে পারো। আমি কি তোমার মতো উড়তে পারি?
আমি সুন্দর আমার মতো। তুমি সুন্দর তোমার মতো। পৃথিবীতে কেউ কারো চেয়ে কম সুন্দর নয়। সবাই সুন্দর। সবারই আছে আলাদা আলাদা গুণ। তুলির কথায় ময়না পাখির মন ভালো হলো। ময়না পাখি গান গেয়ে উঠল— আমরা সবাই সুন্দর। আমাদের এই সুন্দর পৃথিবীতে।