যাব অনেক দূরে

  • মাহমুদউল্লাহ

ও রোদসী, পারুল, কবীর— তোরা কোথায়, বল—
আয় না সবাই ছুটির দিনে ঘুরে আসি, চল।
এই এখানে দালান ঘরে আর লাগে না ভালো,
ঠাসাঠাসির এই বাড়িতে পাই না বাতাস-আলো।
শিশু-কিশোর হাসলে জোরে, উঠলে হঠাৎ গেয়ে,
বুড়োরা কয়, খুব দুরন্ত ওসব ছেলেমেয়ে।
খুব আনন্দে উঠলে নেচে কিংবা দিলে লাফ,
দাদা বলেন, দস্যি তোরা, ওরে— বাপরে বাপ।
ছাদ বাগানের গাছ-গাছালির ক্ষতিটা হয় পাছে,
তাই ওখানে খেলা নিষেধ, আগেই বলা আছে।
মোবাইল নিয়ে যেই বসেছি পুবের দেওয়াল ঘেঁষে,
ওটা রাখো— বড় চাচা ধমক দিলেন এসে।
এখন তবে কী করা যায়— ভাবছি মনে মনে,
এই দালানের বন্ধু ক’জন যাব দূরের বনে।
আলো-ছায়ার মায়ায় ঘেরা বনের পথে যেতে
পাখির গানে, ফুলের গন্ধে উঠব সবাই মেতে।
গাঁয়ের পথে চলব হেঁটে— নেই গরমের ভয়,
আগুনঝরা ফাগুন দিনে দখিন হাওয়া বয়।
চরের মাঝে নানা দৃশ্য দেখব ঘুরে ঘুরে,
আর দেরি নয়, আয় না তোরা, যাব অনেক দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *