শিমুলতলী

  • মাশহুদা মাধবী

পদ্ম বিলের কিনার ঘেঁষে প্রিয় সবুজ গ্রাম
পটে আঁকা ছবির মতোই, শিমুলতলী নাম।
ছোট্ট গাঁয়ের বাতাস ভরা ফুলের সুবাস
শরৎকালে নদীর চরে ফোটে শুভ্র কাশ।
খাল ও বিলের গভীর জলে শাপলা শালুক ভাসে
বৃক্ষ ডালে ছড়িয়ে থাকা স্বর্ণলতা হাসে।
মাথায় মাথাল ধান কাটতে ব্যস্ত, খুশি চাষা
ঝড় বাতাসে দোদুল দোলে বাবুই পাখির বাসা।
ফুলের বনে পাখি, ফড়িং প্রজাপতির খেলা
পোষ, বোশাখে আর আষাঢ়ে জমে আড়ং মেলা।
দোয়েল, টিয়া, টুনটুনি ও পিউ পাপিয়ার গান
মন ভরানো সুরে ভরে গ্রামবাসীদের প্রাণ।
জোছনা রাতে অবারিত মাঠের পরে মাঠে
হিজলতলা, বকুলতলা কিংবা নদীর ঘাটে।
ছড়িয়ে থাকে চাঁদের কোমল আলো
শিমুলতলীর এই পরিবেশ সবাই বাসে ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *