- খালেদ হোসাইন
বললি সেদিন কথায় কথায়
চারদিকে সব বৃক্ষলতায়
খাল-বিল আর নদ-নদীতে
নিজকে পারিস মিশিয়ে দিতে—
সত্যি না কি?
ঘুটঘুটে বা জোছনা রাতে
কথা বলিস তারার সাথে
অপূর্ব সে গল্পগাথা
সব থাকে হৃদয়ে গাঁথা—
সত্যি নাকি?
নানান রকম পাখি আসে
সবাই তোকে ভালোবাসে
ঝিঁঝিপোকা বা জোনাকি—
অনেক সময় গল্প করে
সাজানো সব থরে-থরে
তোর সঙ্গে দূর্বাঘাসে—
সত্যি আসে, সত্যি নাকি?
এমনই তুই একটা ছেলে
আয়না থেকে বেরিয়ে এলে
তোকে আমি কোথায় রাখি?
গদ্যে পদ্যে মনের মধ্যে?
সত্যি নাকি?