- মিহির মুসাকী
বলুন দেখি এ জগতে
সবচে মজার কী?
কেউ বলবেন, মন্ডা মিঠাই
কেউ বলবেন, ঘি।
কেউ বলবেন, কোপ্তা কাবাব
কেউ বলবেন পায়েস,
কেউ বলবেন মজার হলো
মজার মজার খায়েশ।
কেউ বলবেন মুক্তো মানিক
কেউ বলবেন হীরে,
কেউ বলবেন মজার হলো
বাস করা নিজ নীড়ে।
কেউ বলবেন ঘুরতে মজা
কেউ বলবেন খেতে,
কেউ বলবেন দিতে মজার
কেউ বলবেন পেতে।
কেউ বলবেন পরতে মজা
দামি কাপড়-চোপড়,
আমি বলবো তারচে মজার
কী আছে তার ওপর?
এ জগতে মজার হলো
ক্ষমতাধর চেয়ার!
তার ওপরে বসলে বলুন
সামনে দাঁড়ায় কে আর?
নাগাল পেলে তেমন গদির
হয় না অভাব পায়েস দধির
হয় না অভাব কাপড়-জামার
হয় না অভাব চাচা-মামার
সব মিলবে থাকলে চেয়ার
মিলবে সুধীজনের পেয়ার
মিলবে তখন আরাম আয়েশ
পূর্ণ হবে সকল খায়েশ
কিন্তু হঠাৎ উলটে গেলে গদি?
অশ্রুধারা বইবে নিরবধি!