- সালেম সুলেরী
ব-দিয়ে হয় বাংলা এবং ব-দিয়ে বেশ বর্ণ,
ক-দিয়ে হয় কবিতা আর ক-দিয়ে ঠিক কর্ণ।
বর্ণ দিয়ে কাব্য লেখা
গ্রাম-প্রকৃতি জীবন দেখা—
জেলে কুমোর মৎস্যজীবী
হাডুডু বা সাহেব বিবি—
ডাং-গুলি-ব্যাট ক্রিকেট খেলা—
হাট-হাঁটুরের বিকেল বেলা
মাতাল ঘুড়ির আকাশ কি জয়—
এই যে এমন বর্ণনা যা লিখতে পারায় বর্ণ-বিজয়।
ব-দিয়ে হয় বর্ণমালা ব-দিয়ে ঠিক বঙ্গ,
বর্ণমালা একটি জাতির অন্তরঙ্গ অঙ্গ।
ক-দিয়ে হয় কাব্যমালা, ক-দিয়ে ঠিক কর্ণ,
বঙ্গদেশের গান-কবিতা রূপ-মনিহার, স্বর্ণ।
বর্ণমালায় কাব্যমালা কর্ণ-ডালায় ঢেলে—
রঙ্গরসের বঙ্গদেশে সঙ্গ-সুদিন মেলে।
ফেব্রুয়ারির একুশ তারিখ, প্রাণ দিয়েছে ভক্তে,
বর্ণমালা বিজয় পেল ভাষা-শহিদ রক্তে।