ভার্চুয়ালের মাঠে

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:47
1 মিনিটে পড়ুন
  • আহমাদ মাযহার

আমরা যখন ছোট্ট ছিলাম ঠিক তোমাদের মতো
বিকেল হলেই খেলতে যেতাম মাঠে।
সুয্যিমামা না এত যখন পাটে—
খেলার শেষে পড়ার ঘরে ফিরতে তখন হতো।
সবার মনে আনন্দ আর ফুর্তি ছিল কত।
এখন দেখি ছোট্টমণি রোজ যায় ইশকুলে
বইয়ের ভারে পিঠ যেতে চায় বেঁকে!
ইচ্ছে করে ওদের বলি ডেকে,
বইয়ের বোঝা দিচ্ছ কেন শিশুর পিঠে তুলে
শিশু-বুড়োর তফাত কেন যাচ্ছ সবাই ভুলে!
ছুটির পরে খেলার নেশায় যেতাম মাঠে ছুটে
মা আমাকে ডাকত পেছন থেকে
কে শোনে তা, বই-খাতা সব রেখে
একদৌড়ে পালিয়ে যেতাম সড়কটাতে উঠে।
ফিরতাম রোজ বিশাল মাঠের সকল মজা লুটে।
ফুটবলে খুব দক্ষ আমি ছিলাম না তো মোটে!
আমার কেবল বলের পেছন ছোটা
বন্ধুরা সব শত্রু হয়ে ওঠা!
আমি তো রোজ হারি, কেবল হারই আমার জোটে।
তাই তো হাসি উঠত ফুটে দুষ্টুগুলোর ঠোঁটে!
খেলতে গিয়ে প্রায় প্রতিদিন যদিও যেতাম হেরে
সে সব ছিল সত্যিকারের খেলা
বিকেল ছিল সোনা রোদের মেলা
মহল্লাতে খেলার মাঠেই উঠেছিলাম বেড়ে।
উন্নয়নের আঁকশি তোমার মাঠ নিয়েছে কেড়ে!
আজ তোমাদের বিকেলগুলো ঘরের ভেতর কাটে
ভিডিও গেম কিংবা কম্প্যুটারে
তোমার খেলার সমস্ত সম্ভারে
এত্তটুকুন মনিটরের যান্ত্রিকতার হাটে…
তোমার সকল জয়-পরাজয় ভার্চুয়ালের মাঠে!

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *