- শাহীন ইমতিয়াজ
সন্ধ্যা নেমে আসার পরে
ঝিঁঝি পোকার ডাক
মেঠোপথের বাঁকে দেখি
খেঁক শিয়ালের হাঁক
হুক্কা হুয়া ডাকে নড়ে
কানাই বাবুর ঘর
রাত্রি জেগে থাকার ফলে
এসেছে তার জ্বর।
কী করে আর ভেবে চিন্তে
কান্নাকাটির বেলা
রাত্রি এখন উদাস দুপুর
খেঁকশিয়ালের মেলা
কানাই বাবু চিতপটাং আজ
বিছানা নিলো আড়ি
ঘুমের রাজা কাতুর এসে
সজোরে দেয় ঝাড়ি।
কারা যেন দেখে গেল
কানাই বাবুর গাঁও
গিন্নি এসে তর্কে জড়ায়
বসে বসে খাও
ঘুমের বাড়ি খুঁজতে গিয়ে
ঘুমই নিরুদ্দেশ
খেঁকশিয়ালের মেলায় পড়ে
রাত্রিযাপন শেষ।