বাংলাদেশের রূপের ছবি

  • জিয়া হক

একটা পাখি ডাক দিয়ে যায় ভোরে
একটা পাখি ফুড়ুৎ ফুড়ুৎ ওড়ে
কও তো খোকা, কয়টা পাখি হলো
খোকনসোনা চোখ খোলো চোখ খোলো।
একটা গোলাপ পাপড়ি মেলে ধরে
একটা বেলি গন্ধে হৃদয় ভরে
আম্মু তুমি বলতে পারো নাকি
বাঁচতে হলে ক্যান লাগে ফুল-পাখি?
একটা নদী ঢেউ খেলে যায় মনে
মাছরাঙা কি মাছের খবর শোনে?
মুচকি হেসে খোকা-খুকি বলে
প্রকৃতিটা নিয়ম মেনেই চলে।
মাঠের সবুজ ধানের খেতের পাশে
আমার চাষির হাজার স্বপন হাসে
পাখি নদী মাঠের রূপের ছোঁয়া
উড়িয়ে দেয় নষ্ট কলের ধোঁয়া।
অমনি খোকা-খুকি হেসে ওঠে
হাসি তো নয় চাঁদের আলো ফোটে
বাংলাদেশের রূপের ছবি দেখে
বেঁচে থাকি আনন্দ সুখ মেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *