- সোহেল বীর
কুমার নদের ছলাৎ ছলাৎ ঢেউ শুনি না আর,
ভরা জলের সেই কুমারের মুখটি থাকে ভার!
যায় না মাঝি আগের মতো বৈঠা হাতে দূরে,
গায় না সে আর লালন কেন মনমাতানো সুরে?
গায় না সে আর পাগলা কানাই কিংবা পাঞ্জু শা,
কোথায় যে আজ হারিয়ে গেল পাই না ভেবে তা!
শাপলা-শালুক যায় না দেখা হাওড়-বাঁওড়-বিল,
যায় না দেখা বকের সারি, কোথায় যে গাংচিল?
কোথায় হারায় ইলিশ-বোয়াল খলখলানো মাছ,
কেমন করে দালান ওঠে উজাড় করে গাছ!
কোথায় থাকে রাখাল ছেলে, গুন-গুনাগুন সুর,
পাই না খুঁজে এখন তো আর খুশির সমুদ্দুর।
কোথায় গেল গোল্লাছুট আর কানামাছির দিন,
পাবজি খেলে কিশোর কাটায় সময় মূল্যহীন।
গেম ছেড়ে আজ বইটা ধরো, খেলতে মাঠে যাও—
সফল হবার স্বপ্ন বুনে জীবন গড়ে নাও।