- এরশাদ জাহান
ময়নাপাখি
ময়নাপাখি দেখতে কালা
গলায় পরা হলুদ মালা
আমায় ডাকে দুষ্ট মামা
মিষ্টিকে কয় সুইট খালা।
টাক তাড়ুয়া
ওটা কী মা? কাকতাড়ুয়া
শেয়াল, শালিক ঝাক তাড়ুয়া।
আমায় তবে দাও বানিয়ে
দাদুর মাথার টাক তাড়ুয়া।
জলপরি
দিঘির থেকে জলপরি
এলো রুপোর মল পরি
দেখবে বলে আব্বুকে তাই
ঘুমের মাঝেই কল করি।
খড়ম জোড়া
দাদুর পায়ে খড়ম জোড়া
খড়ম তো নয় পাগলা ঘোড়া!
খটখটিয়ে যাচ্ছে হেঁটে
করতে বাজার কর্নঝোড়া।
মোষের গাড়ি
দুই হাতে দুই রসের হাঁড়ি
যাচ্ছে কাকা বসের বাড়ি
রেলগাড়ি না ধরতে পেরে
চড়ছে ভাঙা মোষের গাড়ি।