নিখোঁজ দুপুর

  • শাহরিয়ার শাহাদাত

বুকের ভেতর নিখোঁজ দুপুর; কোথায় বলতে পারো?
ভাঁজ খোলা ওই দুপুর আমার উনিশ বা আঠারো
ঝাঁঝাঁ রোদ্দুর ফাগুনের দিন; দুপুর আমাকে ডাকে
লাল পলাশের আবির ছড়িয়ে দুপুর ঘুমিয়ে থাকে!
রেখেছি দুপুর মায়ের আঁচলে; শাসন, আদুরে কথায়
দুপুর এঁকেছি ছড়া কবিতায় নাটোরের বনলতায়
ফেলে আসা দিন কত যে রঙিন; দুপুরগুলো তো জানে
রূপকথা হয়ে গল্প শোনায় বাতাসের কানে কানে!
রোদেলা দুপুর মনে আঁকে শুধু স্বপ্নবিভোর খেলা
হারিয়ে যাওয়া সে দুপুর আমার স্মৃতির বালকবেলা।
মনখারাপের অলস দুপুর; তোমারও কি মন গলে?
ঝিমিয়ে ঝিমিয়ে দোল দিয়ে যাও পাতাদের মখমলে!
ডানপিটে মন উবে যেত সবই; রাগ অভিমান আড়ি
নীরব দুপুরে যখনি ডেকেছে— সুঁইচোরা, নীলদাড়ি
মন কী যে করে? দুপুরপাখিরা তুলাঝুরিবন মাতায়
অবুঝপনায় দুপুর নেমেছে ভেজা ভেজা আঁখি পাতায়।
বুকে হাঁটে একা নিখোঁজ দুপুর; হারিয়ে আবার আসে
ঝরা পালকের হৃদয় আমার দুপুরকে ভালোবাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *