পাখির অধিকার

  • আব্দুস সামাদ আজিজ

বন থেকে এক পাখির ছানা আনল ধরে খোকা
রাখল তাকে বন্দি করে লোহার রঙিন খাঁচায়
পাখির ছানার খাওয়ার জন্য আনল ধরে পোকা
বলল আরও খেতে দেবে যখন পাখি যা চায়—
তবুও এতে মন ভরে না বন্দি পাখির ছানার
ঝাপটিয়ে তার ছোট্ট ডানা ডাকে শুধু মাকে
বলল খোকা, ডাকিস কেন, স্বাদ নেই কি দানার
তোর মতো খুব সুখে কি আর অন্য পাখি থাকে?
অবুঝ খোকার কথা শুনে বলল পাখির ছানা,
বনের পাখি বনেই আমার ছিল অনেক সুখ
মনের সুখে উড়ে যেতাম করত না কেউ মানা
এখন তোমার বন্দি খাঁচায় আমার কেবল দুখ।
খোকার মনে জাগল দয়া পাখির কথা শুনে
লোহার খাঁচার দুয়ার খুলে দিলো তাকে ছেড়ে
পাখিরাও বাঁচে হাজার স্বপ্ন বুনে বুনে
কী লাভ বলো তাদের সেসব অধিকারটা কেড়ে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *