- শাহীন রায়হান
লাল নীল সাদা কালো ভোকাট্টা ঘুড়ি
মন চায় ঘুড়িদের সাথি হয়ে উড়ি
তুলতুলে মেঘ হই দলছুট ঘোড়া
সোনারং ডানা মেলি দিগন্ত জোড়া।
রংধনু সাতরং মাখি সারা গায়
জলরঙে ছবি আঁকি আকাশের নায়
রাতভর সুতোকাটি হই তারা ফুল
মন চায় ছুঁতে মেঘ পরিদের দুল।
অবাক হবেই তুমি হয়তো-বা শুনে
সময়টা কাটে রোজ স্বপ্নটা বুনে
তালা দেওয়া ঘরে থাকা কষ্টটা কী যে
স্বাধীনতাহীন দুটো চোখ যায় ভিজে
ইটঘেরা কুঠুরিতে করি বসবাস
জানালার ফাঁক দিয়ে দেখি নীলাকাশ
যেন ঠিক কারাগারে বন্দিজীবন
রোদের শহর ছুঁয়ে তোলে আলোড়ন
এভাবেই দিন কেটে রাত হয় ভোর
ডানা ভাঙা পাখি আমি ঢাকার কিশোর।