- আনোয়ার রশিদ
মন ছুটে যায় উদাস হাওয়ায় তপ্ত দুপুরে,
পড়ছে মনে পেছন ডাকা প্রিয় ফুপুরে।
ও ফুপি রে, ডাকিস না আর আজকে আমার ছুটি,
রোদের সাথে বাঁধব আমি দারুণ একটা জুটি।
কাঠফাটা রোদ আমার সাথে ধরল বাজি আজ,
সূর্য হবে আমার মাথার স্বর্ণরঙা তাজ।
হাতে ছিল ঘড়ি আমার, পায়ে ছিল বুট,
সব খুলে তাই আচ্ছামতো দিলাম একটা ছুট।
ছুটা দেখে ফড়িংছানা নিলো আমার পিছু
পশুপাখি অবাক হয়ে করল মাথা নিচু।
সোজা গিয়ে বিলের জলে দিলাম একটা লাফ,
চেহারাতে ছিল যেন দস্যি ছেলের ভাব।
আমি হলাম দস্যি ছেলে দস্যিপনা করি,
ইচ্ছে হলেই সবার সাথে পাঞ্জা আমি লড়ি।
রোদের সাথে পাঞ্জা দিতে দস্যি হলাম আজ,
আমি মায়ের দামাল ছেলে দস্যিপনাই কাজ।