দুটি ছড়া

  • মোরশেদ কমল

এক.

পটোল তুললো শেষে
আলু তুললো
বালু তুললো
তুললো রসুন-পেঁয়াজ
ধান তুললো
ত্রাণ তুললো
হিসাব করে কে আজ!
তুলতে তুলতে শেষে
পটোল তুললো যে সে।

দুই.

পটোল তোলা
গোল আলু বা মিষ্টি আলু
তুললে লাগে সুখ
ব্যাংক থেকে কেউ তুললে টাকা
হাসির থাকে মুখ ।
হোঁচট খেয়ে পড়লে কেহ—
তুললে কৃতজ্ঞতা
পটোল তুললে সুখের তো না,
পরিতাপের কথা।
হেমন্ত আজ এলো
শাহজাহান মোহাম্মদ
শরৎ শেষে হাতছানি দেয়
হেমন্ত আজ এলো
সবুজ পাতার বোঁটায় বোঁটায়
হলদে আভা পেল।
মিষ্টি রোদের আলোর ঝিলিক
পাকা ধানের শিষে
মৌ মৌ গন্ধ যে তার
কিষান গায়ে মিশে।
মটরশুঁটি খেসারি আর
সরষে ফুল ডাকে
আয় ছুটে আয় বন্ধু ভমর
ঘুরবো শাখে শাখে।
নিশিরানি শিউলি বকুল
সুবাস ছড়ায় রাতে
বউঠাকরুন নাইওরি যায়
ছয় বেহারার সাথে।
মায়ের কোলে শিশু যেমন
জড়িয়ে থাকে সুখে
ঠিক তেমনি শিশিরফোঁটা
সবুজ ঘাসের বুকে।
ঘরে ঘরে নতুন ধানের
ক্ষীর ফিরনির ঘ্রাণ
নবান্নে আজ মুখরিত
বাংলা মায়ের প্রাণ।
অচিনপুরীর রথ
নীহার মোশারফ
নতুন বছর নতুন আশা
নতুন নতুন দিন
সবার হৃদয় থাকে যেন
শান্ত অমলিন।
বাংলা সনের নতুন বছর
বোশেখ যখন ঝুল
গাঁও-গেরামের কিনার ঘেঁষে
হাজার নদীর কূল।
কূলের ধারে মেলা বসে
বেদে বাজায় বীণ
গত বছর আসবে না আর
শোধ হয়ে যাক ঋণ।
নতুন বছর নতুন আশা
নতুন চলার পথ
সামনে এসে দাঁড়াক সুখের
অচিনপুরীর রথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *