নেই আর মিল

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:17
1 মিনিটে পড়ুন
  • পথিক ইদ্রিস

এইখানে বিল ছিল ওইখানে ঝিল
আগেকার কিছু আজ নেই আর মিল।
বিলবুকে চাষ আর ঝিলবুকে হাঁস
সেই বিল সেই ঝিল নেই আশপাশ
বিল থেকে ঝিলবুকে ছুড়তাম ঢিল
আগেকার কিছু আজ নেই আর মিল।
বিলভরা ধান আর ঝিলভরা বান
জেলে আর কিষানের মুখভরা গান
রাখালের ঘুড়ি যেন হতো গাংচিল
আগেকার কিছু আজ নেই আর মিল।
এইখানে জড়ো হয়ে কিশোরের দল
গোধূলিতে খেলে না কো আজ ফুটবল
পাখিরাও করে না কো আর কিলবিল
আগেকার কিছু আজ নেই আর মিল।
এইখানে বয়ে যেতো বায়ু শনশন
গাছেগাছে শুরু হতো লঘু আলোড়ন
সেই বিল সেই ঝিল নেই একতিল
আগেকার কিছু আজ নেই আর মিল।
বিলবুকে ঘর হলো ঝিলবুকে চর
চিরচেনা বিলঝিল লাগে আজ পর
এইখানে এলে তাই বসে না কো দিল
আগেকার কিছু আজ নেই আর মিল।
আছে শুধু ওপরের রংটুকু নীল
নীল ছাড়া কিছু আজ নেই আর মিল।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *