বিষ্টি পড়ে টপাস টপাস

  • ফারুক নওয়াজ

বিষ্টি ঝরে ঝিরঝিরিয়ে গাছের পাতাতে…
বিষ্টি পড়ে টুপটুপিয়ে দাদুর ছাতাতে…
বিষ্টি নামে ঝুমঝুমিয়ে ইমলি শাখেতে…
ঘুমলি ঘুঘুর ঘুম ভেঙে যায় মেঘের ডাকেতে।
ঝুমুর ঝুমুর ঝুমকোলতা ভিজছে দেয়াতে…
গন্ধে মাতে জুঁই-কামিনী-চম্পা-কেয়াতে।
ফুলচুষিরা ডাকছে ঝোপে চঞ্চু উঁচিয়ে…
হালকা হাওয়ায় লজ্জাবতী যাচ্ছে কুঁচিয়ে।
বিষ্টি পড়ে টপাস টপাস পদ্মপুকুরে…
বিছানা থেকে যায় না তোলা আলসে খুকুরে।
কাগজ কেটে নৌকা বানায় দুষ্টু খোকাটা…
কুমড়ো পাতায় থমকে থাকে গুবরেপোকাটা।
বিষ্টি পড়ে বিষ্টি পড়ে বিষ্টি পড়ে রে…
ইছলবিছল কচুর পাতা হাওয়ায় নড়ে রে…
টিনের চালের জমাট পানি পড়ছে গড়িয়ে…
কদম ফুলের পাপড়ি ঝরে সুবাস ছড়িয়ে।
পণ্ডিতমশাই ঘুমিয়ে গেছে নামতা পড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *