- রিফাত নিগার শাপলা
যখন তখন ছড়া লিখে
রাখি যে কই গুঁজে
সময়মতো ছড়াগুলো
পাই না কোথাও খুঁজে !
ঈদের ছড়া সংকলনে
নরম গরম ছড়া
লিখবো বলে,খুঁজে ফিরি
স্থায়ী ও অন্তরা !
যত্ন করে স্বর ব্যঞ্জন
বর্ণমালা ঘাঁটি
একটা ছড়া করছে দেখি
সামনে হাঁটাহাঁটি ।
ওমনি আমি সেই ছড়াটার
মটকে ধরি ঘাঁড়
একে একে গুনে পেলাম
স্তবক, মোটে চার !
চার স্তবকের পরে আরেক
স্তবক দিতেই জুড়ে
ছড়াখানা হুমড়ি খেয়ে
পড়ল মাথা ঘুরে ।
উঠিয়ে তাকে পাঠিয়ে দিলাম
সম্পাদকের কাছে
আমার শূন্য ঝোলায়, কেবল
একটি ছড়াই আছে ।