- মারুফুল ইসলাম
এমন তালাবন্ধ বিধান
কেমন করে মানব
অন্ধ বধির বোবা হলে
কেমন করে জানব
কেমন করে শিখব তবে
কি ভালো কি মন্দ
কেমন করে লিখব তবে
জীবন চলার ছন্দ
কেমন করে আঁধার ফুঁড়ে
আনব বলো আলো
কেমন করে হৃদয় খুঁড়ে
বাসব বলো ভালো
কেমন করে আঁকব পাহাড়
সাগর নদীর দৃশ্য
কেমন করে চিনব আমার
অপার মহাবিশ্ব
এমনতর বিধিবিধান
কেমন করে মানব
অন্ধ বধির বোবা হলে
কেমন করে জানব