মা গো তোকে যখন আমি লিখছি চিঠি আজ,
পায়ের নিচে কাল-কেউটে, মাথার ওপর বাজ।
আলোর রেখা যায় না দেখা ভয়াল কালো রাত,
চতুর্দিকে স্বপ্নখেকো মৃত্যু-দূতের হাত।
আমরা ক’জন আছি মা গো অন্ধকারে মিশে,
তোর আশিসে কেউ এখনো হারাই নি মা দিশে।
হঠাৎ সেদিন দুপুর রাতে আসল ওরা গাঁয়ে,
আমরা ছিলাম কাটাখালে মাঝির বেশে নায়ে।
আচমকা কেউ বোঝার আগেই দিলাম ছুড়ে গুলি,
তুলোর মতো উড়ল হাওয়ায় ধাতব লোহার খুলি।
আবার সেদিন আমরা ছিলাম লুকিয়ে গভীর বনে
টের পাই নি শত্রু কখন এল সঙ্গোপনে।
পেছন থেকে বন কাঁপিয়ে করল আক্রমণ,
তিনটে পায়রা পড়ল মারা, বলব কী মা শোন –
বুকের রক্তে সবুজ পাতা কেমন হল লাল,
ওদের ছুঁয়ে শপথ নিলাম, সাক্ষী কাটাখাল।
আগের চেয়ে অনেক বেশি সাহস নিয়ে বুকে
সূর্যজয়ের গান গেয়ে আজ এগুচ্ছি সম্মুখে।
চোখের পানি ফেল মুছে মা কিচ্ছুটি নেই ভাবার,
সকাল হয়ে তোর বুকে তো আসব আমি আবার।
তোমার কেমন লেগেছে?